

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত না করে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ।
বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বশিকপুর নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপি, জামায়াত, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খোকন, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মমিন উল্যাহ, সাংবাদিক এস এম আওলাদ হোসেন, বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ইকবাল, জামায়াতের ইউনিয়ন আমীর মাওলানা মাইন উদ্দিন, মাওলানা শহিদ উল্যাহ এবং যুবদল নেতা সৌরভ হোসেন জনীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, লক্ষ্মীপুর জেলা প্রতিষ্ঠার পর থেকেই বশিকপুর ইউনিয়ন সদর উপজেলার অন্তর্ভুক্ত রয়েছে এবং লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের সঙ্গেও সংযুক্ত। সদর উপজেলার নিকটতম ইউনিয়ন হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন।
তারা অভিযোগ করেন, সম্প্রতি সদর উপজেলা বিভক্ত করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হলেও বশিকপুর ইউনিয়নকে নতুন উপজেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ইউনিয়নের প্রায় অর্ধলক্ষাধিক মানুষকে প্রশাসনিক সেবা গ্রহণ, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় কাজে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হবে।
সমাবেশ শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা/মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা অবিলম্বে বশিকপুর ইউনিয়নকে সদর উপজেলায় স্থায়ীভাবে বহাল রাখার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।
