

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরে মাত্র ৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে হাত বেঁধে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদিদোকানির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শহরের দক্ষিণ মার্কাস মসজিদ এলাকা-এ এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়।
নির্যাতিত শিশুরা হলো সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার আবদুস শহিদের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মুজাহিদ হোসেন (৯) এবং ভবানীগঞ্জের চরউভূতি এলাকার জিয়াউল হকের ছেলে ও হেফজ বিভাগের শিক্ষার্থী জিহান হোসেন (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মনির হোসেনের দোকান থেকে ৮০০ টাকা চুরির অভিযোগ ওঠে।
এ ঘটনায় সন্দেহ করে মুজাহিদ ও জিহানকে আটক করে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, মনির হোসেনসহ কয়েকজন ‘চোর ধরা হয়েছে’ বলে প্রচার করে শিশু দুটির হাত বেঁধে আরও নির্যাতন চালায়। একপর্যায়ে জিহানের মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। পরবর্তীতে অভিযুক্ত মনির হোসেন শিশুদের পরিবারের সদস্যদের খবর দেন। ভুক্তভোগীদের স্বজনদের অভিযোগ, শিশুদের ছাড়িয়ে নিতে গেলে তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়।
ঘটনার পর আহত শিশুদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তাদের শরীরে মারধরের চিহ্ন রয়েছে এবং একজনের মুখে পোড়া জখমের আলামত পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
