

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ এবং বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করে জেলা প্রশাসন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক এবং জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবুসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সকাল ৮টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখানে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। দিনব্যাপী এসব আয়োজনের মাধ্যমে লক্ষ্মীপুরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মহান স্বাধীনতা দিবসের এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
