ঢাকা
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০৭
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৬
আপডেট: মার্চ ২৬, ২০২৬
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৮

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— দিদারুল ইসলাম মেহেরাজ, আব্দুর রহমান আকাশ, সাজ্জাদ হোসেন রিফাত, আয়ান হোসেন মিলন, আরিফ হোসেন, হৃদয় হোসেন, মো. সাকিব ও মেহেরাজ হোসেন ইমন। তারা দেওপাড়া, লতিফপুর, পশ্চিম লতিফপুর ও পাঁচপাড়া এলাকার বাসিন্দা। বুধবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (২৩ মার্চ) প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দেওপাড়া গ্রামের পক্ষে রাকিব পাটওয়ারী এবং শেখপুর গ্রামের মিতুল নেতৃত্ব দেন বলে জানা গেছে।

এ সময় আব্দুর রহিম নামে এক পথচারী গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া প্রতিপক্ষের লোক মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে এবং পেশায় গাছ ব্যবসায়ী। অন্যদিকে আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram