

আবু তাহের, স্টাফ রিপোর্টার।।
গাইবান্ধার সাঘাটায় অবৈধ বালু উত্তোলন ও মজুদ নিয়ে সংবাদ প্রকাশের পর প্রেসক্লাবের ছয় সাংবাদিককে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, আপত্তিকর ও হুমকিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাঘাটা প্রেসক্লাব। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পোস্ট সরিয়ে নেওয়া, ভবিষ্যতে এ ধরনের প্রচারণা বন্ধ এবং নিঃশর্ত দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার সাঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবাদ ও নিন্দা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি উপজেলার মুন্সিরহাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও বিক্রির বিষয়ে প্রেসক্লাবের সাংবাদিকেরা বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর পর থেকে বাংলা টিভি ও এশিয়া পোস্টের সাংবাদিক পরিচয় ব্যবহারকারী 'জাহিদ খন্দকার বিডি' নামের একটি ফেসবুক আইডি থেকে প্রেসক্লাবের ছয় সাংবাদিককে উদ্দেশ্য করে ধারাবাহিকভাবে আপত্তিকর পোস্ট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এসব পোস্টে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় করার পাশাপাশি তাঁদের পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রেসক্লাব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুন্সিরহাটে অবৈধ বালু উত্তোলন ও মজুদের অভিযোগে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ও প্রশাসনকে নিয়েও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে।
এ ছাড়া সাঘাটা উপজেলায় সংঘটিত একটি হত্যাকাণ্ডে দুই ব্যক্তির প্রাণহানি এবং পরবর্তী সময়ে হত্যামামলার অন্যতম আসামি মুকুল ও আশপাশের তিনটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের যোগসাজশ রয়েছে—এমন ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।
একই ধরনের পোস্ট দৈনিক নয়া দিগন্তের পরিচয় ব্যবহারকারী সোহাগ খন্দকারের নামীয় ফেসবুক আইডি থেকেও দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেসক্লাবের মতে, তথ্য-প্রমাণের ভিত্তিতে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে আইনসম্মতভাবে প্রতিবাদ বা প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।
তবে সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন কিংবা তাঁদের বিরুদ্ধে জনমনে উসকানি সৃষ্টি গ্রহণযোগ্য নয়। এ ধরনের প্রচারণার কারণে সাংবাদিকেরা আসামি ও তাঁদের পক্ষের লোকজনের হাতে হামলার শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে আপত্তিকর পোস্ট অপসারণ, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং প্রকাশিত বক্তব্যের জন্য নিঃশর্ত দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়। অন্যথায়, সংরক্ষিত ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রেসক্লাব।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রচারণার কারণে কোনো সাংবাদিকের নিরাপত্তাহানি বা ক্ষতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন মহলের সহযোগিতাও কামনা করেছে সংগঠনটি।
