

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজনকে দায়ী করে বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। হামলার বিচারের দাবিতে সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার (৮ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে পৌরশহরের আল-ফায়াত হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এর আগে বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে দাসপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের সঙ্গে আপেল মাহমুদ ফিরোজের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আপেল ফিরোজের অভিযোগ, ওই ঘটনার জের ধরে রাতে আলতাফ হোসেনের ছোট ছেলে সাদেকের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল জিআই পাইপ নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় তাঁর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আপেল মাহমুদ ফিরোজ বলেন, “আলতাফ মেম্বার বিএনপির কেউ নন। তিনি একসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাপান ফিরোজের পক্ষ সমর্থন করেছেন। রবিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি বের হলে আলতাফ মেম্বার র্যালির সামনে আসেন। তাঁকে সরে যেতে বললে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সামনেই তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি আরও বলেন, “র্যালি শেষে রাত পৌনে আটটার দিকে বাজারের চাল ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ করতে গেলে আলতাফ মেম্বারের ছোট ছেলে সাদেকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন ও তাঁর ছেলে সাদেকের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।” তিনি আরও জানান, ঘটনার পর রাতে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলমসহ তাঁরা আপেল ফিরোজের বাসায় যান। বিষয়টি মীমাংসার জন্য তাঁরা চেষ্টা করছেন।
এদিকে হামলার বিচারের দাবিতে সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। একই দাবিতে হাচন দালাল মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
” উল্লেখ্য, আপেল মাহমুদ ফিরোজ বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
