

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
২০২৬ সালের আলিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দে যখন পরিবারজুড়ে ছিল উচ্ছ্বাস, ঠিক তার একদিন পরই সেই পরিবারে নেমে এলো শোকের মাতম। লক্ষ্মীপুরের রায়পুরে বিআরটিসি বাসের চাপায় প্রাণ হারিয়েছেন সাকিব ব্যাপারী (২১) নামে এক তরুণ। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের রামগঞ্জ উপজেলার পদ্মা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব ব্যাপারী রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারী বাড়ির আনিছুর রহমানের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব লামচরী রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে সম্প্রতি উত্তীর্ণ হন। সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্রের মধ্যেও তার সাফল্যে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছিল। কিন্তু সেই আনন্দ উদ্যাপনের রেশ কাটতে না কাটতেই একদিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার জীবনপ্রদীপ।
সাকিব রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় পৌঁছালে একটি বিআরটিসি বাস তাকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনার পর বিআরটিসির ঢাকা মেট্রো-ঘ ১৫৫৬৭৯ নম্বরের বাসটির চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামগঞ্জের প্রধান সড়কে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন। তারা সড়ক অবরোধ করে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, বাসচালককে শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, তিনি দুর্ঘটনার বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দের পরদিনই সাকিবের এমন করুণ মৃত্যু পরিবারটির সব স্বপ্ন ও প্রত্যাশাকে মুহূর্তেই থামিয়ে দিয়েছে। স্বজনদের কাছে এখন আনন্দের স্মৃতি পরিণত হয়েছে বুকফাটা কান্নায়।
