

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় যুব দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোববার সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি আব্দুল করিম এমপি।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল প্রমুখ।
সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সেবামূলক পরিসংখ্যান তুলে ধরেন। পাশাপাশি, যুব সমাজের কল্যাণে অধিদপ্তরের কার্যক্রমকে আরও কীভাবে গতিশীল ও কার্যকর করা যায়, সে বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়।
শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচজন যুবক যুবতীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে যুব ঋণের চেক প্রদান এবং যুব সংগঠক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজনকে সম্মাননা স্মারক দেয়া হয়। দিবস উপলক্ষে স্থানীয় পৌর পার্কে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়।
