

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
ভূমিকা রানী দাস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করুণানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির বাসিন্দা। তিনি রঞ্জিত চন্দ্র দাস ও শিখা রানী দাসের মেয়ে।
ভূমিকা হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শনিবার প্রকাশিত ফলাফলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে তিনি অকৃতকার্য হন। পরিবারের দাবি, পরীক্ষার ফল খারাপ হওয়ার বিষয়টি জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরে বাড়ির একটি কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।
ভূমিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার দুলাভাই হৃদয় মজুমদার। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
