

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে মাথায় গাছের ডাল পড়ে মো. মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন হাওলাদার পৌর বিএনপির সদস্য ছিলেন।
নিহতের ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান জানান, উপজেলার কালাইয়ার এক ব্যক্তির কাছে তাদের বাড়ির কয়েকটি গাছ বিক্রি করা হয়েছিল। বুধবার দুপুরে এক কাঠুরিয়া গাছে উঠে একটি ডাল কাটেন।
পরে আরেক কাঠুরিয়া রশি দিয়ে ডালটি বেঁধে নিচে নামানোর সময় গাছের অদূরে দাঁড়িয়ে থাকা তার বাবা মোসলেম উদ্দিন হাওলাদারের মাথার ওপর ডালটি গিয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
