

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরের রায়পুরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসা এক প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রিয়াদ হাসান বয়াতি নামে এক কৃষকদল নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রায়পুর বাজারের দেনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিয়াদ রায়পুর পৌর কৃষকদলের সভাপতি পদপ্রার্থী এবং রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়কে ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। ওই ভবনে ভাড়া থাকেন প্রবাসী সবুজের স্ত্রী মিলি আক্তারের বান্ধবী সাথী আক্তার। ঘটনার দিন সাথীর মেয়ের জন্মদিন উপলক্ষে আমন্ত্রণ পেয়ে সেখানে যান সবুজ ও তার স্ত্রী।
অভিযোগ অনুযায়ী, তারা ওই বাসায় অবস্থানকালে একদল ব্যক্তি হঠাৎ প্রবেশ করে মিলি আক্তারের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে সাথী আক্তারের প্রায় এক ভরি দুই আনা স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এতে বাধা দিলে মিলি আক্তারকে মারধর করে রক্তাক্ত করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা প্রবাসী দম্পতিকে জিম্মি করে ২৫ হাজার টাকা ও ব্যাংকের কার্ড নিয়ে যান। এ ছাড়া তাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তুলে একটি কক্ষে নিয়ে ভিডিও ধারণ করা হয় বলে দাবি করেছেন বাদী। পরে বিয়ের ছবি দেখানোর পরও তাদের হুমকি-ধমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পরদিন প্রবাসী সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ছয়জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, এ ঘটনায় রিয়াদ নামের একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
