ঢাকা
প্রকাশিত : October 20, 2026
আপডেট: October 20, 2026
প্রকাশিত : October 20, 2026

রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (এফপিএফ)। সোমবার ফেডারেশনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

৪১ বছর বয়সী রোনালদো গত ৩০ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগ চলাকালে আকস্মিকভাবে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান। পরে তিনি কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন। তাঁর দাবি, ম্যাচ খেলার সুযোগ দেওয়ার কথা বলেও তাঁকে খেলাননি কোচ।

অক্টোবরের শুরুতে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন রোনালদো। একই সঙ্গে জানিয়েছিলেন, তাঁকে যে শাস্তিই দেওয়া হোক, তা মেনে নেবেন।

নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকাকে ২৫৫ ইউরো জরিমানাও দিতে হবে। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় ফেডারেশনের নিয়ম অনুযায়ী এক থেকে ছয় মাসের নিষেধাজ্ঞার বিধান রয়েছে। রোনালদোকে সর্বনিম্ন শাস্তিই দেওয়া হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে ওয়ার্ম-আপ করলেও তাঁকে মাঠে নামানো হয়নি। এরপর ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের একাদশেও তাঁকে রাখা হবে না বলে জানতে পারেন রোনালদো। এর পরই পর্তুগাল দলের ক্যাম্প ছাড়েন তিনি।

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের দিন থেকেই রোনালদোর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফলে ইতিমধ্যে ১৯ দিনের শাস্তি ভোগ করেছেন তিনি। অক্টোবরের শেষ নাগাদ তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

এফপিএফের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৬ অক্টোবর রোনালদোর প্রকাশিত বিবৃতিতে ‘অনুশোচনা প্রকাশের বিষয়টি’ বিবেচনায় নেওয়া হয়েছে। ওই বিবৃতিতে নিজের ভুল স্বীকার করার পাশাপাশি শাস্তি মেনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় রোনালদো।

তবে তাঁর অনুপস্থিতিতেই নেশন্স লিগের চারটি ম্যাচের সবকটিতে জয় পেয়েছে পর্তুগাল। দুই ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দলটি।

আগামী ১৪ নভেম্বর ডেনমার্ককে আতিথ্য দেবে পর্তুগাল। এরপর ১৭ নভেম্বর গ্রুপ ‘এ৪’-এর শেষ ম্যাচে ওয়েলসের মাঠে খেলবে তারা। তত দিনে রোনালদোর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাবে।

দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো অভিযোগ করেছিলেন, নেশন্স লিগের ম্যাচে তাকে খেলার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি রাখেননি পর্তুগাল কোচ জেসুস। তবে একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়টি নাকচ করে দেন তিনি।

রোনালদো লিখেছিলেন, “আজ পর্যন্ত যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমনই আমাদের জাতীয় দলের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করতে এবং জিততে আমি প্রস্তুত থাকব।”

তার অভিযোগ, নরওয়ের বিপক্ষে ম্যাচে তাঁকে মাঠে নামানোর কথা বলেও কথা রাখেননি জেসুস। পরে ডেনমার্ক ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও কোচ তাদের পূর্ববর্তী আলোচনায় সম্মত হওয়া কয়েকটি বিষয় উল্লেখ করেননি।

কয়েকদিন পর জেসুস বলেন, রোনালদো যদি তাঁর ক্লাব আল নাসরের হয়ে খেলেন এবং জাতীয় দলে ডাক পেতে আগ্রহী থাকেন, তাহলে তিনি তাঁকে দলে নির্বাচন করবেন।

ফেডারেশনের শাস্তির ঘোষণার পর ইনস্টাগ্রামে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি রোনালদো। তবে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে অনুশীলনের প্রস্তুতি নেওয়ার একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, “কঠোর পরিশ্রম করে যাচ্ছি।”

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram