

ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলা প্রশাসক, অভিভাবক, এলাকাবাসী, দাতা সদস্য ও শিক্ষকদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি জনাব মাজহারুল ইসলাম মহোদয়, শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক, হাউজিং এস্টেট সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, সম্মানিত অভিভাবক, এলাকাবাসী এবং প্রতিষ্ঠানের সম্মানিত দাতা সদস্যবৃন্দ।
জেলা প্রশাসক মহোদয় দীর্ঘ সময় ধরে এলাকাবাসী ও অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মহোদয় মনোযোগসহকারে তাদের কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। মতবিনিময় সভায় বিদ্যালয়ের সম্মানিত দাতা সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
তারা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে একান্তে আলোচনা করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তাদের মতামত ও সহযোগিতার কথা জানান। বিশেষ করে বিদ্যালয়ের মাঠ ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণ, ওয়াশরুম নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মানিত দাতা সদস্যরা এসব উন্নয়ন কার্যক্রমকে নিজেদের দায়িত্ব ও প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা করার বিষয়ে একমত প্রকাশ করেন। একই সঙ্গে এসব বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আরও একটি সভা আয়োজনের অনুরোধ জানান। অনুষ্ঠানের শেষপর্বে জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করেন।
তিনি শিক্ষকদের আরও কৌশলী, আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতিতে পাঠদান করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে দ্রুত এগিয়ে নিয়ে ফরিদপুরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করেন। সর্বোপরি, শিক্ষকবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সম্মানিত দাতা সদস্যদের আন্তরিক সহযোগিতার প্রত্যয়—সব মিলিয়ে মতবিনিময় সভাটি একটি উৎসবমুখর, প্রাণবন্ত ও আশাব্যঞ্জক পরিবেশে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
