ঢাকা
প্রকাশিত : October 5, 2026
আপডেট: October 6, 2026
প্রকাশিত : October 5, 2026

সৈয়দপুরে চুরির ঘটনায় ক্ষতিপূরণ চায়ে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

তৌসিফ রেজা, সৈয়দপুর, নীলফামারী।।

নীলফামারীর সৈয়দপুর প্লাজায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষতিপূরণ ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে প্রায় তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন ব্যবসায়ীরা। রোববার (৫ অক্টোবর) সকাল থেকে শহরের ব্যস্ততম শেরে বাংলা সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

ব্যবসায়ীদের দাবি, চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং সৈয়দপুর প্লাজার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।

অবরোধকারীরা জানান, প্রায় তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে তারা দাবি জানিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত সৈয়দপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ কিংবা প্লাজা মার্কেট কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে কার্যকরভাবে আলোচনা করেনি।

ব্যবসায়ীরা জানান, প্রশাসন, থানা পুলিশ ও প্লাজা মার্কেট কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি চলবে। দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে কর্মসূচি আরও কঠোর করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

উল্লেখ্য,  গত ১৫ সেপ্টেম্বর সকালে সৈয়দপুর প্লাজার নিচতলায় বিদ্যুৎ জুয়েলার্স ও ইনফিনিক্স মোবাইল ফোন শোরুমে তালা কেটে চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, দুটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ রুপার গহনা, শতাধিক মোবাইল ফোন ও নগদ টাকা চুরি হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

চুরির পর থেকেই প্লাজার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও দিনের বেলায় দুটি প্রতিষ্ঠানের তালা কেটে চুরি হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববারের কর্মসূচিতে নামেন তারা।

এদিকে সড়ক অবরোধের কারণে শেরে বাংলা সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram