

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
শিল্পখাতে অটোমেশন ও পিএলসি প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘ক্যারিয়ার অপরচুনিটিজ ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড পিএলসি টেকনোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগকে একটি আধুনিক অটোমেশন ট্রেনিং কিট হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাপানের মিতসুবিশি ইলেকট্রিক গ্রুপের প্রতিষ্ঠান সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশনের বাংলাদেশ শাখা ও প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, শিল্পখাতে দক্ষ মানবসম্পদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা ডুয়েটের অন্যতম লক্ষ্য। মিতসুবিশি ইলেকট্রিকের দেওয়া অত্যাধুনিক ট্রেনিং কিট শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সের দ্রুত বিকাশের এই সময়ে ব্যবহারিক প্রশিক্ষণ শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করার পাশাপাশি অটোমেশনভিত্তিক গবেষণায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপ-উপাচার্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডুয়েটের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসাহিরো ফুজিসাওয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন, জাপান-বাংলাদেশ এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সিনিয়র ডিরেক্টর শেখ মো. শরীফুল আলম, সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশন বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউসুকে ইমাগাওয়া এবং প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এম. এন. আমিন।
সেমিনারের আলোচনা পর্ব শেষে মিতসুবিশি ইলেকট্রিকের পক্ষ থেকে ইইই বিভাগের কাছে অটোমেশন ট্রেনিং কিটটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
