

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট।।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার শেলাবুনিয়া থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শেলাবুনিয়ায় গিয়ে শেষ হয়। পরে স্থানীয় সেন্ট পলস মিশনারি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট পলস ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ধর্মযাজক ফিলিপ মণ্ডল, সহ-পালক পুরোহিত ধর্মযাজক রিপন সরদার এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন গোলদার। কারিতাস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় আটটি ক্লাবের প্রবীণ সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অর্থিতা হাওলাদার বলেন, আগামী প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে প্রবীণরা সমাজের বোঝা নন। তাঁদের বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিতে পারে। তিনি বলেন, প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনরা ভবিষ্যতে বিভিন্ন বাধা মোকাবিলা করে আরও এগিয়ে যেতে পারবে। আলোচনা সভা শেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে প্রবীণ সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
