

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিম হাজড়াপাড়া গ্রামে বুধবার দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- দশলাল গ্রামের ফরহাদ আলীর মেয়ে মিম আকতার (৩) ও তার ফুফাতো বোন আফরিন আকতার (৩)। আফরিন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কবির মন্ডলের মেয়ে। সে গত কয়েকদিন হলো পরিবারের সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানায়, সকালে মিম ও আফরিন বাড়ির উঠোনে একসাথে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও তাদের না পেয়ে সন্দেহবশত পুকুরে অনুসন্ধান চালালে দুই শিশুর লাশ দেখতে পায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে দেখা যায় তারা মারা গেছে।
এব্যাপারে গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জহুরুল হক পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
