

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গত ২০ বছর মানুষকে উন্নয়নের যে গল্প শোনানো হয়েছে তার সাথে বাস্তবের কোনো মিল নেই। আমরা মানুষকে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, সুতরাং এই সরকারের দ্বারা উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।
গাইবান্ধার সার্কিট হাউজ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি ২০ বছরের কথিত উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। মতবিনিময় শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির সভায় অংশ নেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.মো. মনিরুজ্জামান ।সভায় জেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলামসহ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
