

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
দুর্নীতি প্রতিরোধকে প্রধান দায়িত্ব উল্লেখ করে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থবহ ও উন্নত জীবন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা; এক তালে তো আর যাবে না এটা। তবে আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক—যে সমাজে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে এমন একটি জীবন কাটাতে পারবে, যা তাদের জন্য হবে অর্থবহ।’
মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দুর্নীতি কে করে, আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব। ধরেন, আমি যদি কোনো ঠিকাদারের কাছ থেকে টাকা নিই, আপনাদের মাধ্যমেই নেব।’
তিনি বলেন, ‘যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে। দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ করা আমাদের প্রধান দায়িত্ব।’
মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
