

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে পরিবেশবান্ধব কৃষি ও ক্ষতিকর চায়না দোয়ারি জাল বন্ধের লক্ষ্যে 'গ্রিন কোয়ালিশন' উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার দৌলতপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি)t চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানকে আহ্বায়ক এবং দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মো: শাহআলমকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এ সভায় কীটনাশকমুক্ত কৃষিব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশের জন্য চরম ক্ষতিকর চায়না দোয়ারি জালের ব্যবহার রোধে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে চায়না দোয়ারি জালের উৎপাদন, বিপণন ও ব্যবহার চিরতরে বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা গ্রিন কোয়ালিশনের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, সদস্য অধ্যক্ষ (অবঃ) মাইনুদ্দিন আহম্মেদ, অধ্যাপক আনিসুর রহমান এবং ঘিওর কমিটির সদস্য শিরিন আক্তার।
বক্তারা বলেন, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় চায়না দোয়ারি বন্ধের পাশাপাশি জনস্বাস্থ্যে ঝুঁকি এড়াতে কীটনাশকমুক্ত প্রাকৃতিক কৃষির বিকল্প নেই। নবগঠিত কমিটি উপজেলায় এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করবে।
