

তৌসিফ রেজা, সৈয়দপুর প্রতিনিধি:
যানজট কমানো ও পথচারীদের চলাচল স্বাভাবিক করতে নীলফামারীর সৈয়দপুরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পৌরসভা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ তিনটি সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. শামসুল হক সড়ক ও শহীদ জহরুল হক সড়কে। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর রাখা দোকানের মালামাল সরিয়ে নেওয়ার পাশাপাশি দোকানের সামনে গড়ে তোলা বিভিন্ন অবৈধ বর্ধিত অংশ অপসারণ করা হয়।
পৌরসভার অভিযানে শহীদ জহরুল হক সড়কের একটি পাবলিক টয়লেটও দখলমুক্ত করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের দোকানের সামনের জায়গা দখল না করা এবং ফুটপাত ও সড়কের ওপর পণ্যসামগ্রী না রাখার নির্দেশ দেওয়া হয়।
পৌরসভার কর্মচারী আবু সায়িদ বলেন, পৌরসভার নির্দেশনা অনুযায়ী ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কার্যক্রম চলছে। অনেক ব্যবসায়ী ফুটপাত ছাড়িয়ে সড়কের ওপর পণ্য রাখায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। অভিযানে এসব অবৈধ বর্ধিত অংশ সরিয়ে দেওয়া হয়েছে।
সৈয়দপুরের ব্যস্ততম সড়কগুলোর একটি শহীদ ডা. শামসুল হক সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে দোকানের পণ্য রাখা, চকি বসিয়ে ব্যবসা পরিচালনা এবং ফুটপাত দখল করে রাখার অভিযোগ ছিল। এতে সড়ক সংকুচিত হয়ে প্রায়ই যানজটের সৃষ্টি হতো। ভোগান্তিতে পড়তেন পথচারী ও যানবাহনের চালকেরা।
স্থানীয় ব্যবসায়ী সমিতির সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে জানা গেছে। পরে পৌরসভার উদ্যোগে সোমবার দখলমুক্তকরণ অভিযান চালানো হয়। অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ীকে নিজেদের মালামাল সরিয়ে নিতে দেখা যায়।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে পুনরায় সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করলে আইনগত ব্যবস্থা নেওয়া ও জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়।
সৈয়দপুর পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে। শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
