ঢাকা
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২৮
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৬
আপডেট: আগস্ট ১৭, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৬

নদী ভাঙ্গনের কবলে বাউফলের তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শঙ্কার মধ্যে শিক্ষার্থী-অভিভাবক

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে পড়েছে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ওই ইউনিয়নের কারখানা নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙ্গনে বিদ্যালয়গুলোর নিরাপদ দূরত্ব প্রতিদিনই কমে আসছে। এতে বিদ্যালয়ের ভবন, খেলার মাঠ ও আশপাশের এলাকা চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে যেকোনো সময় বিদ্যালয়গুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহেরচর বন্দর এলাকার কারখানা নদীর তীর থেকে মাত্র ২০ থেকে ২৫ ফুট দূরে অবস্থান করছে চররঘুনাথদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই নদী থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে রয়েছে হিসাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর গোপালিয়া বাজার এলাকায় নদীর তীর থেকে মাত্র ৫০ ফুট দূরত্বে রয়েছে পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয়দের ভাষ্য, নদীর স্রোত ও ভাঙ্গনের তীব্রতা দিন দিন বাড়ছে। এরই মধ্যে নদী তীরবর্তী বেশ কিছু জায়গা ভেঙ্গে গেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চররঘুনাথদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির সঙ্গে নদীর দূরত্ব এতটাই কমে এসেছে যে, যেকোনো সময় বড় ধরনের ভাঙ্গন দেখা দিলে শিক্ষাপ্রতিষ্ঠানটি হুমকির মুখে পড়তে পারে।

পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র দাস বলেন, আমাদের বিদ্যালয়টি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত বছর বালুর বস্তা ফেলে ভাঙ্গন কিছুটা নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। কিন্তু প্রায় এক মাস আগে হঠাৎ করে প্রায় ৫০ ফুট জায়গা নদীতে ভেঙ্গে গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বিদ্যালয়ের পাশাপাশি একটি মসজিদ ও বাজারও নদী ভাঙ্গনের কবলে পড়তে পারে।

তিনি আরও বলেন, বিদ্যালয়টি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নতুন করে ভবন নির্মাণের মতো আশপাশে কোনো জায়গাও নেই। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়টি রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নোমান জানায়, নদী ভাঙ্গনের কারণে আমাদের বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আমরা চাই সরকার দ্রুত বিদ্যালয়টি রক্ষার ব্যবস্থা করুক, যাতে আমরা নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারি।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বলছেন, নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শুধু বিদ্যালয়ের অবকাঠামোই নয়, শত শত শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত হবে। তাই জরুরি ভিত্তিতে নদীতীর সংরক্ষণ ও ভাঙ্গন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা হয়েছে। ইউএনও মহোদয়ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।

তিনি বলেন, বিদ্যালয় তিনটি যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এখানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা কার্যক্রমের কথা বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

পটুয়াখালী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার বলেন, নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভাঙ্গনকবলিত এলাকায় বালুর বস্তা সঠিকভাবে ফেলার জন্য বাজ ব্যবহার করা হবে। এতে বালুর বস্তাগুলো একটির ওপর আরেকটি সঠিকভাবে বসানো সম্ভব হবে এবং প্রতিরোধ ব্যবস্থা তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী হবে।

তিনি আরও বলেন, বর্তমানে একটি বাজ পায়রা নদীতে রয়েছে। সেখান থেকে বাজ এনে বালুর বস্তা ফেলার ব্যবস্থা করা হবে। ট্রলারের মাধ্যমে বালুর বস্তা ফেলতে চাই না। কারণ জোয়ার-ভাটার কারণে বস্তাগুলো ঠিক কোথায় পড়ছে, তা নির্ভুলভাবে বোঝা সম্ভব হয় না।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, চররঘুনাথদ্দী এলাকায় নদীভাঙ্গন রোধে একটি কাজের অনুমোদন হয়েছে। তবে এ ধরনের কাজে বিপুল অর্থের প্রয়োজন হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram