

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
তিন দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে সাড়ে তিন বছরেও কর্মস্থলে ফেরেননি লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান। বিদেশে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও নেননি তিনি। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় বিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ আগস্ট প্রধান শিক্ষক জিল্লুর রহমান বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে মাত্র তিন দিনের ছুটি নেন। পরদিন ২৩ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন। এরপর থেকে আর বিদ্যালয়ে যোগ দেননি। এভাবে টানা সাড়ে তিন বছর ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত।
এর আগে ২০২১ সালের ১৯ ডিসেম্বরও তিনি যুক্তরাষ্ট্রে যান। ওই সময় বিদ্যালয় থেকে দুই মাসের ছুটি নিয়ে প্রায় পাঁচ মাস চার দিন পর দেশে ফেরেন। তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি বলে জানা গেছে। দেশে ফেরার পর তিনি সরকারি বেতন-ভাতাও উত্তোলন করেন বলে বিদ্যালয় সূত্র দাবি করেছে।
দীর্ঘদিন প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নানা সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষক। তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী বলেন, “প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু সম্ভব হয়নি। তিনি কবে বিদ্যালয়ে যোগ দেবেন, সেটিও নিশ্চিত নয়। ফলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এখনো তাঁর পদটি শূন্য ঘোষণা করা হয়নি।”
জানা গেছে, বিষয়টি নিয়ে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তৎকালীন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি দেন। সে সময় তিনি বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বেও ছিলেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। প্রধান শিক্ষক জিল্লুর রহমান বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো অনুমতি নেননি বলে জানা গেছে। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, চাকরি বিধিমালা অনুযায়ী অনুমতি ছাড়া দীর্ঘদিন বিদেশে অবস্থান করার সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে বিদেশে অবস্থান করায় প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি ২০১৭ সালের ১৯ মার্চ জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, দ্রুত প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তার অবসান চান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
