

মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, পারিবারিক সহিংসতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি ) সোহাগ মিলু, অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম, বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান, উপজেলা বিএনপি'র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “অপপ্রচার, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে হলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
এ সময় তিনি ঘোষণা দেন, মাদক কারবারিদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে তথ্যদাতাকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি অপরাধ দমনে জনগণের তথ্যভিত্তিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, প্রশাসনের একার পক্ষে সমাজের সব সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে জনগণের সচেতন অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতার বিকল্প নেই।
বক্তারা আরো বলেন, পারিবারিক মূল্যবোধ জোরদার, অপপ্রচার প্রতিরোধ, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভার শেষে বক্তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, মাদকমুক্ত, সুশৃঙ্খল ও সম্প্রীতির বাউফল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
