

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:
লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযান মঙ্গলবার (১৪ জুলাই) শুরু হয় এবং দিনব্যাপী তা অব্যাহত রয়েছে।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সিটি হাসপাতালকে ৫ হাজার টাকা এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও সেবার মানসহ বিভিন্ন বিষয় যাচাই করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিদর্শনে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত থেকে অভিযান পরিচালনায় অংশ নেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় আনা হবে।
লাইসেন্সবিহীন বা অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
