

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের পর বিএনপি তা থেকে সরে এসেছে।:
শুক্রবার (১০ জুলাই) রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শহীদ বিজয় চত্বরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার গঠনের পর সিদ্ধান্ত নিয়েছে তারা আর সংস্কার করবে না। জুলাইয়ে যারা রাজপথে নেমেছিল, তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন না করে জনগণের রায়ের বিপক্ষে গিয়ে রাষ্ট্র পরিচালনা করলে তা টেকসই হবে না।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের রাজনীতি অব্যাহত রাখবে এনসিপি। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করার আহ্বান জানান।
এর আগে রায়পুর বাজারে এনসিপির উদ্যোগে আয়োজিত এক পথসভায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ। পরে সেখান থেকে শুরু হওয়া ‘জুলাই পদযাত্রা’ শহীদ বিজয় চত্বরে এসে শেষ হয়।
জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রায়পুর পৌরসভার মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, জেলা নেতা আরমান হোসেন, সাদ্দাম হোসেন সুজা উদ্দিন এবং আরিফ হোসেন।
পদযাত্রা ও সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
