

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম কাবিলের চরে একদল ডাকাত অস্ত্রের মুখে ব্র্যাকের দুই কর্মীকে জিম্মি করে প্রায় পৌনে ৮ লাখ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদ পরিবেষ্টিত কাবিলের চর এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ব্র্যাক কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুলছড়ির কাবিলের চর থেকে ব্র্যাকের দু'জন মাঠকর্মী গ্রাহকদের সঞ্চয় ও ঋণের আদায়কৃত মোট ৭ লাখ ৭৯ হাজার ৮০ টাকা নিয়ে নৌকাযোগে কালির বাজার শাখায় ফিরছিলেন। নৌকাটি কাবিলের চর এলাকা অতিক্রম করার সময় একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে একদল সশস্ত্র ডাকাত তাদের গতিরোধ করে।
এ সময় ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি করে ফেলে এবং তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আমাদের কর্মীরা চরাঞ্চলে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির টাকা আদায় করে শাখায় ফিরছিলেন। পথিমধ্যে ডাকাতেরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ৭ লাখ ৭৯ হাজার ৮০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি জানার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। এই বিষয়ে লিখিত অভিযোগ বা মামলা পাওয়া মাত্রই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে লুটের টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এদিকে, দুর্গম চরাঞ্চলে দিনের আলোতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, চরাঞ্চলের সাধারণ মানুষ ও বিভিন্ন এনজিও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
