

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় পুরোনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে সরকার নতুন ও সময়োপযোগী মাদকবিরোধী আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্যসাগরদী জামে মসজিদের সামনে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক গভীরভাবে বিস্তার করেছে। ফলে প্রচলিত আইন দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। এ বাস্তবতা বিবেচনায় মাদক নির্মূলে কার্যকর ও যুগোপযোগী আইন প্রণয়নে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য বিল আনা হয়েছে। একই সঙ্গে জুয়ার বিরুদ্ধে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার দীর্ঘমেয়াদিভাবে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ।
