

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খরিপ-২ মৌসুমে আবাদ সম্প্রসারণের লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর সদর-এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে উফশী রোপা আমন ধান ও হাইব্রিড মরিচের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ক্যাথোয়াইপ্রু মারমা।
কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার উপকারভোগী কৃষকের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার এবং ২০০ জন উপকারভোগী কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে, আধুনিক জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কৃষকদের সঠিকভাবে প্রণোদনা ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
