

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে সোমবার সন্ধ্যায় স্ত্রী দুলালী বেগমকে (৫৬) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী বিরাজ মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার। নিহত দুলালী বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা
গ্রামের দুলু মিয়ার মেয়ে।
আটক বিরাজ কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনী গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে ১৯ বছর আগে শাশুড়ি হত্যার অভিযোগও রয়েছে। তার স্ত্রী দুলালী বেগমই ওই মামলায় কারাগার থেকে জামিন করিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যারদিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী দুলালীর বুকে এলোপাতারিভাবে ছুরিকাঘাত করে স্বামী বিরাজ। এতে ঘটনাস্থলেই মারা যান দুলালী। অবস্থা বেগতিক দেখে পাশের জমিতে পাটক্ষেতে আত্মগোপন করেন বিরাজ। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে থানায় নেয় গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
দুলালি বেগম হত্যার ঘটনার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মণ ঢাকা জানান, ২০০৭ সালে বিরাজের বিরুদ্ধে তার শাশুড়ি সেলিনা বেগমকে হত্যার অভিযোগে একটি মামলা হয়।
নিহত সেলিনা বেগমের ভাই মামলাটি দায়ের করেছিলেন। এ মামলায় কারাগারে থাকাকালে স্ত্রী দুলালি বেগম তাকে জামিনে মুক্ত করিয়েছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী বিরাজকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার দুপুরের দিকে তাকে আদালতে তুলে কোটের মাধ্যমে তাকে কারাকারাগারে প্রেরণ করা হয়।
