ঢাকা
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৬
প্রকাশিত : জুন ৭, ২০২৬
আপডেট: জুন ৭, ২০২৬
প্রকাশিত : জুন ৭, ২০২৬

বাউফলে তিন প্রতিবন্ধীর ব্যাংক একাউন্টে জমা ১২ লাখ টাকা

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারিয়ে চরম অনাহারে আর অবহেলায় মানবেতর জীবন কাটানো সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধী তিন ভাই নিদ দাসু, রিপন দাস ও সাধন দাসের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (৭ জুন) দুপুরে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় এই তিন ভাইয়ের একটি যৌথ ব্যাংক হিসাব খুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সালেহ আহমেদ।

একই সঙ্গে অসহায় পরিবারটির মাঝে এক মাসের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংক বাউফল শাখায় তিন ভাইয়ের নামে এই যৌথ হিসাবটি খোলা হয়েছে, যার নম্বর: ০২০০০২৫৮৪৫৪৮৮। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তাদের অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশ থেকে মানবিক মানুষেরা বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংক হিসাবটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৭৬ হাজার ২৮১ টাকা জমা হয়েছে।

আজ বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে ওই তিন ভাইয়ের বাড়িতে গিয়ে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। তিন ভাইয়ের নামে খোলা এই যৌথ হিসাবটি যৌথভাবে পরিচালনা করবেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার। ভুক্তভোগী ভাইদের দৈনন্দিন প্রয়োজন ও চাহিদা অনুযায়ী এই হিসাব থেকে টাকা তুলে তাদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে প্রশাসনের এই দেখভাল যেন ব্যাহত না হয়, সেজন্য উপজেলা কার্যালয়ে একটি স্থায়ী সরকারি নথি (ফাইল) সংরক্ষণ করা হয়েছে; যাতে পরবর্তী সময়ে নতুন কোনো কর্মকর্তা এলেও এই পরিবারটির প্রতি বিশেষ নজর রাখতে পারেন।

এই মানবিক উদ্যোগের নেপথ্যে ছিলেন স্থানীয় কলেজ শিক্ষার্থী অমিত। তিনি প্রথমে এই অসহায় পরিবারটির দুঃখ-দুর্দশার কথা ইউএনও মো. সালেহ আহমেদকে জানান। বিষয়টি জানার পরপরই ইউএনও তাৎক্ষণিকভাবে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় তাদের নগদ অর্থ এবং জরুরি খাদ্যসহায়তা প্রদান করেন। পাশাপাশি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে তাদের সরকারি প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত করার নিশ্চয়তা দেন।

অসহায় তিন ভাইয়ের পাশে জেলা ও উপজেলা প্রশাসনের দাঁড়ানোর এই অনন্য দৃষ্টান্ত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাড়ম্বরে প্রচার হওয়ার পর, সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ দলমত নির্বিশেষে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram