

মানিকগঞ্জ প্রতিনিধি:
"জীবাশ্ম জ্বালানি হবেই শেষ, সূর্যের আলো হবে না নিঃশেষ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে যুব সমাজের ভূমিকা শীর্ষক এক কর্মশালা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
আজ (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ধলাই পূর্বপাড়া সাইজুদ্দিন মাস্টার বাড়ীতে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী ও কৃষক-কৃষাণী সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK) এবং গ্রিন কোয়ালিশন যৌথভাবে এই কর্মশালা ও কমিটি গঠন প্রক্রিয়ার আয়োজন করে।কর্মসূচি শেষে মাহমুদ হায়দার খোকনকে আহ্বায়ক, পারভীন সুলতানাকে যুগ্ম আহবায়ক এবং মো. মনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট 'গ্রিন কোয়ালিশন মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন কমিটি' গঠন করা হয়।কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলায় গ্রিন এনার্জি ও জৈব কৃষি চর্চা সম্প্রসারণের কোনো বিকল্প নেই।
কৃষকদের ঐক্যবদ্ধ করে পরিবেশ আন্দোলনে সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বক্তারা সৌরশক্তির মতো টেকসই ও পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতে গ্রামীণ ও শহর অঞ্চলের যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নবগঠিত এই কমিটি আগামীতে এলাকায় পরিবেশ দূষণ রোধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারসিক বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, নারী উদ্যোক্তা শেফালী আক্তার, যুব উদ্যোক্তা শামসুল ইসলাম,কৃষক গবেষক মো. সেন্টু মিয়া,বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, গাজী শাহাদাত হোসেন বাদল,সুবীর কুমার সরকার প্রমুখ। উক্ত সচেতনতামূলক কর্মশালায় স্থানীয় তরুণ পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী, বারসিক ও গ্রিন কোয়ালিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
