

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে সম্পত্তি লিখে নেওয়ার উদ্দেশ্যে মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে এক ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৬ জুন রাত ৮টার দিকে কুতুবপুর গ্রামের বাসিন্দা খোতেজা বেগমের ঘরে প্রবেশ করে তার বড় ছেলে ফখরুল রাজু (৩৫) ও পুত্রবধূ মানিকা স্বপ্না (৩০)। তারা সম্পত্তি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য খোতেজা বেগমের ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
খোতেজা বেগমের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তার ছোট ছেলে মো. রাকিব হোসেন (২৪) মাকে আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় রাকিব হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফখরুল রাজু ও তার স্ত্রী মানিকা স্বপ্নাকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে একজন মায়ের ওপর এমন নৃশংস নির্যাতনের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
