

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মুহাম্মদ হানিফ (মুরাদ) আজ (৯ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উভয় পক্ষ বিশ্ববিদ্যালয়ের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।
জেলা প্রশাসক বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং জেলার উচ্চশিক্ষা সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অন্যদিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও জেলার শিক্ষাব্যবস্থার অগ্রগতিতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
