

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘নেপাল সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের ও নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত নেপালের মান্যবর রাষ্ট্রদূত এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই ধরণের সাংস্কৃতিক আদান-প্রদান দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও মজবুত করবে। বিশেষ করে পর্যটন ও সংস্কৃতির বিকাশে দুই দেশ একসাথে কাজ করলে দক্ষিণ এশিয়ায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। পরে নেপাল থেকে আসা শিল্পী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দুই দেশের ঐতিহ্যবাহী নাচ ও গান মিলনায়তনে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
