

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন– মো. লিটন জব্বার, ইসমাইল হোসেন মামুন, বাবুল বাবু, আইয়ুব ভূইয়া ও মো. রোমান।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, গতকাল সোমবার বিকালে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যাত্রাবাড়ি থানাধীন দয়াগঞ্জ টু যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের মডার্ন বিকল্প উডেন ফার্নিচার দোকানের সামনে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, ১টি চাপাতি ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে যশোর জেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হাতবোমা তৈরি করত। পরবর্তীতে তা ঢাকা শহরে এনে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রয় করত এবং অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি করে আসছিলো।
এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
