

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কাফরুলে এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি করে গুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রোববার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৪-এর একটি আভিযানিক দল।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) ও শশী (২২)।
র্যাব জানায়, গত শনিবার সন্ধ্যায় কাফরুলে এ কে এম অ্যাপারেলস গার্মেন্টস কারখানায় ১২-১৩ জন মিলে প্রবেশ করে প্রতিষ্ঠানের মালিক কামরুলের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজন পিস্তল বের করে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে তার অফিসের লকার ভাঙচুর করে এবং তিন দিনের মধ্যে চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়।
তারা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে চলে যায়। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করেন কামরুল। এর পরিপ্রেক্ষিতে অভিযানে নেমে চারজনকে গ্রেফতার করে র্যাব-৪।
সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুরে র্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি বলেন, সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে চারজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া রানা ঘটনার পরিকল্পনাকারী জানিয়ে কে এন রায় নিয়তি বলেন, ঘটনার আগেই রানা গার্মেন্টসে যান এবং আশপাশের নিরাপত্তা সম্পর্কে ধারণা নেন। রানা ধারণা করেছিলেন এখানে ভয়ভীতি দেখালে মোটা অঙ্কের টাকা আদায় করা যাবে। পরে রানাসহ অন্যরা অস্ত্রসহ গার্মেন্টসের মালিকের রুমে গিয়ে কোটি টাকা চাঁদা দাবি করেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা মিরপুর, কাফরুল থানাসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা নিয়তি বলেন, গ্রেফতার চারজন ছিনতাই, চুরি, চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল।
গুলি করা অস্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অস্ত্রের বিষয়ে অভিযান অব্যাহত আছে। এখনই তদন্তের স্বার্থে বা অভিযানের স্বার্থে আমরা নাম প্রকাশ করছি না।
