

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচ থেকে ২০২৬ সালের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঈদের দ্বিতীয় দিন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ করেন। “স্মৃতির পথে রাঙানো পুনর্মিলনী” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়ে পুরনো দিনের স্মৃতি, অভিজ্ঞতা ও বন্ধুত্বের বন্ধন নতুন করে ঝালিয়ে নেন। অনুষ্ঠানের শুরুতেই প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. সোহাগ মিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুর নবী, বাউফল প্রেসক্লাবের সভাপতি এবং প্রাক্তন শিক্ষকগনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাচ, গান, কৌতুক পরিবেশন করা হয়। পাশাপাশি বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন গ্রামীণ ও বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা ও বিভিন্ন স্মৃতিচারণ পর্বের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রক্তন শিক্ষক ও বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি সহ সকল কে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন প্রাক্তন শিক্ষার্থীরা, অনুষ্ঠান শেষে রাতে লটারি বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থীরা এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
