ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৩
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫
আপডেট: অক্টোবর ২০, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫

আজিজ সুপার মার্কেটে নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।

রাজধানীর শাহবাগের আজিজ কো–অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতিতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে মার্কেটের সামনে এক মানববন্ধন থেকে ব্যবসায়ীরা এই দাবি জানান। ‘আজিজ সুপার মার্কেটের দোকান মালিক এবং ব্যবসায়ীবৃন্দ’ ব্যানারে শতাধিক ব্যবসায়ী এই মানববন্ধনে অংশ নেন।

ব্যবসায়ীরা জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পালিয়ে যান। ওই বছরের ৩ অক্টোবর মার্কেট পরিচালনায় সমাজসেবা অধিদপ্তর থেকে ব্যবসায়ী রবিউল ইসলামকে আহ্বায়ক ও ছানাউল্লাহ শিশিরকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। ৯০ দিনের মধ্যে এই কমিটিকে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে বলা হয়। তবে এক বছর পার হলেও তারা নতুন নির্বাচন আয়োজন করতে পারেনি। কমিটি নিয়ে উচ্চ আদালতেও রিট হয়। এ অবস্থায় মজিবর রহমান, সাইফুল ইসলাম ও শাহিন চৌধুরী নামের ব্যবসায়ীদের নেতৃত্বাধীন আরেকটি পক্ষ নির্বাচন আয়োজনের জন্য বর্তমান কমিটির ওপর চাপ দিলে সংকট তৈরি হয়।

এক মাস ধরে সমিতির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্বের জেরে একাধিকবার দুই পক্ষের ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। একপর্যায়ে ৩ অক্টোবর মার্কেটে তালা লাগিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের বড় একটি অংশ আতঙ্কিত হয়ে দোকান বন্ধ করে দেন। পরে পুলিশ এসে তালা খুলে দেন। এই ঘটনার পর এক মাসেও কমিটি গঠন নিয়ে সমস্যার সুরাহা হয়নি। এরই মধ্যে সমাজসেবা অধিদপ্তরের করে দেওয়া আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করে নতুন করে চার সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে ব্যবসায়ীদের একটি পক্ষ। আজকের মানববন্ধন থেকে এই কমিটির কাছে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে অন্যরকম ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী রোকসানা আক্তার বলেন, ‘এক বছর ধরে এমনিতেই ব্যবসা–বাণিজ্যের অবস্থা খারাপ। এই অবস্থার মধ্যে আমরা দ্বন্দ্ব চাই না। মার্কেটে সুষ্ঠু পরিবেশ চাই। নতুন নির্বাচন আয়োজন করে নির্বিঘ্নে ব্যবসার ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি।’

ব্যাগ ব্যবসায়ী আলাল সরকার বলেন, ব্যবসায়ীরা মার্কেটে হামলা–মামলা চান না। শুধু শান্তিতে ব্যবসা করতে চান। শান্তিতে ব্যবসা করতে হলে নির্বাচিত কমিটি দরকার। সে কারণে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছেন তাঁরা।

মানববন্ধনে নতুন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, ‘আমরা একটা ক্রান্তিকাল পার করছি। এই ক্রান্তিকাল থেকে ব৵বসায়ীদের উত্তরণ ঘটানোর একমাত্র উপায় হলো নির্বাচিত কমিটি। আমরা সেই চেষ্টা করছি। আমরা আর কোনো হামলা–মামলা চাই না। আমরা দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচনের মাধ্যমে দায়িত্ব শেষ করতে চাই।’

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram