ঢাকা
প্রকাশিত : November 26, 2026
আপডেট: November 26, 2026
প্রকাশিত : November 26, 2026

সাঘাটায় তুচ্ছ ঘটনায় মারপিট ও দোকানঘর ভাঙচুর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি।।

​গাইবান্ধার সাঘাটায় পূর্ববিরোধ ও বকেয়া টাকার জের ধরে সাদা মিয়া (৩২) নামের এক মিশুচালককে মারপিট এবং প্রতিপক্ষ আজাদুলের একটি পোশাক তৈরি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে সাঘাটা থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাঘাটা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।

​আহত মিশুচালক সাদা মিয়া বর্তমানে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ও অভিযুক্ত পক্ষ উভয়ই উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঘুড়িদহ গ্রামের বাসিন্দা।

​হাসপাতালে চিকিৎসাধীন সাদা মিয়া অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে সামাজিক বিষয় নিয়ে আশিক মিয়াদের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এরই জের ধরে গত মঙ্গলবার বিকেলে সাঘাটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ৭-৮ জন ব্যক্তি তার মিশু গাড়ির পথরোধ করে তাকে মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় হামলাকারীরা তার মিশু গাড়ির চারটি ব্যাটারি খুলে নিয়ে যায় বলেও দাবি করেন তিনি।

​অপরদিকে, সাদা মিয়ার প্রতিপক্ষ আজাদুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, তার বড় ভাই মান্নানের ছেলে ট্রাক্টর দিয়ে জমি চাষ করেন। চলতি রোপা আমন মৌসুমে সাদা মিয়ার জমি চাষ করলেও তিনি পাওনা টাকা পরিশোধ করেননি। সম্প্রতি আগের বকেয়া টাকা না দিয়েই আবার জমি চাষ করাতে চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে সাদা মিয়া ও তার লোকজন তার ভাতিজা লিমনকে মারধর করেন।

​আজাদুল ইসলাম আরও দাবি করেন, গত মঙ্গলবার বিকেলে সাঘাটা বাজারে সাদা মিয়ার কাছে ওই মারপিটের বিষয়ে জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলে সবাই চলে যান। কিন্তু সন্ধ্যায় হঠাৎ সাদা মিয়ার লোকজন সাঘাটা বাজারে অবস্থিত তার পোশাক তৈরি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যাপক ক্ষতিসাধন করে।

​খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দূরুল হুদা বলেন, ঘটনাকে কেন্দ্র করে থানায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram