ঢাকা
প্রকাশিত : November 26, 2026
আপডেট: November 26, 2026
প্রকাশিত : November 26, 2026

রায়পুরে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর এখন মাদকের আখড়া,পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরের রায়পুরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা চরম অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি এখন মাদকসেবীদের আড্ডাখানা ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। চুরি হয়ে গেছে দরজা-জানালা ও পানির কল। ভেঙে ফেলা হয়েছে শৌচাগার। জাদুঘরের ভেতরে পড়ে রয়েছে মাদক সেবনের বিভিন্ন উপকরণ, বিয়ারের ক্যান ও সিগারেটের অবশিষ্টাংশ।

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এভাবে পড়ে থাকলেও স্থাপনাটি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানটির ঐতিহাসিক গুরুত্ব ও পরিবেশ দুটোই নষ্ট হচ্ছে।

জানা গেছে, রায়পুর পৌর শহরের প্রাচীন আলিয়া কামিল মাদ্রাসার মাঠের এক কোণে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। স্বাধীনতার পর স্থানটিকে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান হিসেবে সংরক্ষণের দাবি ওঠে। মুক্তিযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে স্মৃতি জাদুঘরটি নির্মাণ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, জাদুঘরটির ভেতরে ও আশপাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পড়ে আছে ইয়াবা সেবনে ব্যবহৃত পোড়া ফয়েল পেপার, বিয়ারের ক্যান ও সিগারেটের খোসা। পাশেই মাদ্রাসার শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান করছেন। অন্যদিকে স্থাপনাটির আশপাশে মার্কেটের মুরগির বিষ্ঠা ও অন্যান্য বর্জ্য জমে রয়েছে। জাদুঘরের ভেতরে শিশুদের খেলাধুলা করতেও দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত জাদুঘর, মাদ্রাসা মাঠ, ভবনের নিচতলার বারান্দা ও মসজিদের পুকুরঘাট এলাকায় মাদকসেবীদের আনাগোনা চলে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রশিক্ষণকেন্দ্রের পাশে এমন পরিস্থিতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক।

রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম লিটন বলেন, বিশ্বের প্রতিটি জাতি তাদের বীরত্বগাথা ও ইতিহাসের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে। অথচ যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাঁদের স্মৃতিবিজড়িত স্থাপনাটি আজ অবহেলায় পড়ে রয়েছে। এটি মাদকসেবীদের নিরাপদ আড্ডাস্থলে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এবিএম জিলানী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আলিয়া কামিল মাদ্রাসার মাঠটি ছিল গুরুত্বপূর্ণ স্মৃতিবিজড়িত স্থান। এখান থেকেই মুক্তিযোদ্ধারা যুদ্ধের প্রস্তুতি ও নির্দেশনা কার্যক্রম পরিচালনা করতেন। ঐতিহাসিক স্থানটির মর্যাদা রক্ষায় দ্রুত সংস্কারের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহসীন রেজা বলেন, গত সাত বছর ধরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। দরজা-জানালা ও শৌচাগারসহ প্রয়োজনীয় অবকাঠামোর অবস্থা নাজুক। মানুষ যাতে মুক্তিযুদ্ধের স্মৃতি দেখতে ও জানতে পারে, সে উদ্দেশ্যে স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি দ্রুত সংস্কার ও সংরক্ষণের দাবি জানান।

এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুন্নাহার বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরটি দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের সম্পদ। ভবনটির উন্নয়ন ও সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া মাদকসেবীদের সেখানে অবস্থান করতে দেখলে তাঁকে ফোন করে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু সংস্কার করলেই হবে না; স্মৃতি জাদুঘরটির সার্বক্ষণিক নিরাপত্তা, নিয়মিত পরিচ্ছন্নতা, আলোকসজ্জা এবং কার্যকর তদারকির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্থাপনাটিকে একটি কার্যকর স্মৃতি সংরক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram