

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সাঘাটায় ট্রাক্টরের মাধ্যমে জমি চাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট, দোকান ও কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষ একে অপরকে দোষারোপ করে সাঘাটা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সাঘাটা বাসস্ট্যান্ড এলাকার আজাদুল ইসলামের দোকানের সামনে সড়কে এ মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটে। মারপিটে আহত মিশুগাড়ি চালক সাদা মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছর আমন ধান রোপণের সময় ঘুড়িদহ গ্রামের মান্নান মিয়ার ছেলে লিমন মিয়ার ট্রাক্টর দিয়ে একই গ্রামের আজিজার রহমান (জঞ্জালু) ছেলে সাদা মিয়া জমি চাষ করান। আমন ধান কাটার পরও ওই জমি চাষের পাওনা টাকা পরিশোধ না করে পুনরায় বীজতলা তৈরির জন্য জমি চাষ করতে চান সাদা মিয়া। তবে আগের পাওনা টাকা পরিশোধ না হওয়ায় লিমন মিয়া জমি চাষে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি ও মারপিটের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে পূর্বের জমি চাষের পাওনা টাকা চাইতে গেলে লিমন মিয়া ও সাদা মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাদা মিয়া ক্ষিপ্ত হয়ে লিমন মিয়াকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।
পরে খবর পেয়ে লিমন মিয়ার লোকজন ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় আজাদুল ইসলামের দোকান ও কারখানায় ভাঙচুর চালানো হয়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।
এ ঘটনায় ঘুড়িদহ গ্রামের মৃত জামাল উদ্দিন বেপারীর ছেলে আজাদুল ইসলাম সাদা মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অপরদিকে, একই ঘটনায় আহত সাদা মিয়াও আজাদুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা উভয় পক্ষের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
