

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফলে আলোচিত রুহুল আমিন শিকদার (৬০) হত্যা মামলায় নতুন করে আলোচনায় এসেছে ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ বিক্রির বিষয়টি।
হত্যাকাণ্ডের আগে ট্যাং সরবতের সঙ্গে ফার্মেসি থেকে কেনা ১০টি ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে অচেতন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
পরে তাঁকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কীভাবে একসঙ্গে ১০টি ঘুমের ওষুধ বিক্রি করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। তাঁদের অভিযোগ, কালিশুরী ইউনিয়নের মেসার্স রোকেয়া ফার্মেসি থেকে এসব ওষুধ কেনা হয়েছিল। ফার্মেসির মালিক অহিদুল ইসলাম ব্যবস্থাপত্র যাচাই না করে ওষুধ বিক্রি করে থাকলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে।
নিহতের স্বজনরা বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করা অত্যন্ত উদ্বেগজনক। একটি হত্যাকাণ্ডে ব্যবহারের অভিযোগ ওঠা ওষুধ কোথা থেকে এবং কীভাবে সংগ্রহ করা হয়েছে, তা সুষ্ঠুভাবে তদন্ত করা প্রয়োজন। তাঁদের দাবি, ওষুধ বিক্রির ক্ষেত্রে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ফার্মেসি মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে কালিশুরী ইউনিয়নের মেসার্স রোকেয়া ফার্মেসির মালিক অহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’ এ বিষয়ে আর কথা বলতে রাজি না হয়ে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বাউফল উপজেলা ড্রাগ কমিটির সাধারণ সম্পাদক ও সুচনা ফার্মেসির মালিক ফিরোজ বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করা উচিত নয়। যিনি বিক্রি করেছেন, তিনি অন্যায় করেছেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি ঔষধ প্রশাসনের কাজ। তারা এ বিষয়ে দেখভাল করে।
পটুয়াখালী জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ঔষধ প্রশাসন) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক সুমন বিশ্বাস বলেন, ওটিসি তালিকাভুক্ত ওষুধ ছাড়া ঘুমের ওষুধসহ অন্যান্য ওষুধ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি করা যাবে না। ব্যবস্থাপত্র ছাড়া কেউ ঘুমের ওষুধ বিক্রি করে থাকলে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ওষুধের উৎস শনাক্ত করতে সংশ্লিষ্ট ফার্মেসির ওষুধ বিক্রির রেজিস্টার, ক্রয়-বিক্রয়ের হিসাব এবং ব্যবস্থাপত্র যাচাইয়ের দাবি উঠেছে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ বিক্রি বন্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।
নিহতের স্বজনদের দাবি, রুহুল আমিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ওষুধ সরবরাহের ক্ষেত্রে কারও আইনবহির্ভূত ভূমিকা থাকলে তাঁকেও আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর বাউফলের কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বাসিন্দা রুহুল আমিন শিকদারের খণ্ডিত হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের একটি মাদ্রাসার কাছসহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সাহিদা বেগমের নাম উঠে এসেছে বলে জানা গেছে।
