

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসে স্থানীয় তরুণী সুমাইয়া আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। বিয়ের আগে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির মানুষের এই প্রেম ও পরিণয়ের গল্প এখন লক্ষ্মীপুরজুড়ে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
সংগৃহীত নথিপত্র অনুযায়ী, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে হলফনামা দাখিল করেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ নিজের ইচ্ছায় ও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তবে তাঁর পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে। হলফনামায় তিনি মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস এবং হজরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর সর্বশেষ রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি ইসলামের মৌলিক বিশ্বাস ও নীতিমালা অনুসরণের অঙ্গীকার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নববধূ সুমাইয়া আক্তারের বাবা মুক্তার হোসেন এবং মা তাসলিমা আক্তার। লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামে তাঁদের বাড়ি। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। স্থানীয়দের ভাষ্যমতে, বিয়ের পর বর্তমানে তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন।
চীনা যুবক ফাং ওয়েনজুন ও সুমাইয়া আক্তারের বিয়ের বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই তাঁদের নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কীভাবে তাঁদের পরিচয়, কীভাবে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং কীভাবে বিয়ের সিদ্ধান্ত নেন—এসব বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী স্থানীয়রা।
ভিন্ন দুটি দেশ, ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ হয়েও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। দেশ ছেড়ে অচেনা মাটিতে আসা, ধর্মীয় পরিচয়ে নতুন অধ্যায় শুরু করা এবং ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে সংসার গড়ার স্বপ্ন—সব মিলিয়ে ফাং ওয়েনজুন থেকে আব্দুর রহমান হয়ে ওঠার এই ঘটনা এখন লক্ষ্মীপুরের আলোচিত বিষয়।
