ঢাকা
প্রকাশিত : November 21, 2026
আপডেট: November 21, 2026
প্রকাশিত : November 21, 2026

ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে টানা বৃষ্টি, আমন ধান ও শীতকালীন ফসলের ক্ষতির আশঙ্কা

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে লক্ষ্মীপুর উপকূলীয় এলাকায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত তিনদিন ধরে কখনো হালকা, আবার কখনো ভারী বৃষ্টির সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আমন ধান ও শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো থামেনি। বাতাসের চাপ তেমন বৃদ্ধি না পেলেও জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা বেড়েছে। টানা বৃষ্টিতে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। পাশাপাশি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জেলার বিভিন্ন এলাকায় আমন ধান পাকতে শুরু করেছে। কোথাও কোথাও ধান কাটা ও মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে কৃষিজমিতে পানি জমে যাওয়ায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। কৃষকদের আশঙ্কা, বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকলে পাকা ধান জমিতে পড়ে থেকে নষ্ট হওয়ার পাশাপাশি শীতকালীন সবজিরও ক্ষতি হতে পারে।

কৃষকরা জানান, কিছু জমিতে পানি জমে থাকলেও পাম্প মেশিনের মাধ্যমে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন তারা। বৃষ্টিপাত দ্রুত কমে গেলে ফসলের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতে পারে। তবে দীর্ঘস্থায়ী বৃষ্টিতে জমিতে পানি জমে থাকলে আমন ধান ও শীতকালীন ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সামান্য বৃষ্টিতেই পৌরশহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পৌরবাসীর দুর্ভোগ বেড়েছে। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, খাল ভরাট এবং ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকার কারণে বৃষ্টির পানি দ্রুত সরতে পারছে না। ফলে শহরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে পানি জমে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে বারবার পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রামগতি আবহাওয়া অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়তে পারে বলেও জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জহির উদ্দিন বলেন, জেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পুরোদমে ধান কাটা ও মাড়াই কার্যক্রম শুরু হবে। গত তিনদিনের বৃষ্টিতে ধান কাটার কাজ কিছুটা ব্যাহত হয়েছে। জেলায় প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। সামনে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

টানা বৃষ্টিতে একদিকে কৃষকদের ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে জলাবদ্ধতা ও দুর্ভোগে নাকাল সাধারণ মানুষ। আবহাওয়ার দ্রুত উন্নতি এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram