

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
এতে কার্যালয়ের সামনের বারান্দা, ব্যানার, সাইনবোর্ড ও খুঁটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (ডানিডা) দয়িয়াবাদ এলাকায় দলীয় বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে কয়েকজন মুসল্লি কার্যালয়ের সামনে পোড়া গন্ধ পান। পরে সেখানে গিয়ে তাঁরা আগুনে পুড়ে যাওয়া টায়ারের অংশ দেখতে পান। তাঁদের ডাকাডাকিতে আশপাশের লোকজন ছুটে আসেন। এতে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কার্যালয়ের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার জানান, পরিকল্পিতভাবে টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাছিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম লিটন বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
