ঢাকা
প্রকাশিত : November 19, 2026
আপডেট: November 19, 2026
প্রকাশিত : November 19, 2026

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ-জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতারের নেপথ্যে যে তথ্য দিল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।। 

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এসব মামলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অন্যদিকে, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি বলেন, গতকাল রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানার একটি দল। সিডিএমএসসহ সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে তার বিরুদ্ধে ১৪টি মামলা থাকার বিষয়টি জানা গেছে। এসব মামলার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, জানতে চাইলে নিয়াজ মেহেদী বলেন, তাকে আজ আদালতে হাজির করা হবে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে, গতকাল রাতে উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার  করেছে ডিবির উত্তরা বিভাগের একটি দল।

এডিসি নিয়াজ মেহেদী বলেন, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধেও মামলা রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টায় গ্রেফতার ৬১৪ জন

ডিএমপির এই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এ সময়ে ৬১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীতে চিরুনি অভিযান

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিরুনি অভিযান চালানো হচ্ছে বলে জানান নিয়াজ মেহেদী।

তিনি বলেন, ঢাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। ব্লক রেইডের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঢাকার বাইরে থেকে নাশকতা করে রাজধানীতে এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের ওপরও নজরদারি রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের লক্ষ্য।

রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ডিএমপির এই কর্মকর্তা বলেন, নগরীতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। চেকপোস্ট, পিকেট ডিউটি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে, যাতে নগরবাসী নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন ও দৈনন্দিন কাজকর্ম করতে পারেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram