ঢাকা
প্রকাশিত : November 19, 2026
আপডেট: November 19, 2026
প্রকাশিত : November 19, 2026

গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ‘সেবা মাস’শুরু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাসব্যাপী ‘সেবা মাস-২০২৬’ শুরু হয়েছে। ১৯ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। এর আওতায় ব্যাংকের সব শাখায় গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, আমানত ও ঋণসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শেয়ার-সংক্রান্ত তথ্য হালনাগাদ এবং ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গ্রাহকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগও থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এ কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক ও ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মূল শক্তি বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য। তাদের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান পরিবর্তনে ব্যাংককে সরাসরি সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। অতীতে সদস্যদের সঙ্গে ব্যাংকের যে দূরত্ব তৈরি হয়েছিল, সেবা মাসের মাধ্যমে তা কমিয়ে ব্যাংকের কার্যক্রম আরও সদস্যকেন্দ্রিক করার ওপর গুরুত্ব দেন তিনি।

ব্যাংকের আধুনিকায়নের বিষয়ে মহাপরিচালক বলেন, ডিজিটাল রূপান্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ৬০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে পূর্ণাঙ্গ সিবিএস চালুর লক্ষ্য রয়েছে। এর ফলে অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের বেতন-ভাতা এবং আভি-কারুপণ্যের বাংলা কিউআর পেমেন্ট নিজস্ব ব্যাংকের মাধ্যমে পরিচালনা করা সম্ভব হবে।

প্রাতিষ্ঠানিক সংস্কার ও সুশাসনের বিষয়ে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ ও সুশাসন ছাড়া কোনো প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না। এ জন্য ব্যাংকের মানবসম্পদ নীতিমালা সংস্কারের পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম ও ভুয়া সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের পেনশন স্থগিত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে মেধা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি ও প্রণোদনা দেওয়া হবে।

সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় ১ লাখ সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পে ৮ শতাংশ সুদে দলগত ও উৎপাদনমুখী ঋণ দেওয়া হচ্ছে। আগে ঋণের আওতার বাইরে থাকা ব্যাটালিয়ন আনসার সদস্যদেরও পরীক্ষামূলকভাবে এ কার্যক্রমে যুক্ত করা হয়েছে বলে জানান মহাপরিচালক।

তিনি আরও বলেন, ডেটাবেজ ও ইআরপি নিবন্ধনের মাধ্যমে বাহিনীতে যুক্ত হওয়ার পর থেকেই একজন সদস্য ব্যাংকের শেয়ার এবং ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন সেবা পাচ্ছেন। এসব সেবার মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন, জাপানসহ বিদেশে নিরাপদ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ এবং চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ‘সমৃদ্ধি ঋণ’।

অনুষ্ঠানে সেবা মাস উপলক্ষে কয়েকটি কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। এর মধ্যে রয়েছে সঞ্জীবন প্রকল্পের আওতায় সদস্যদের মধ্যে শেয়ার বণ্টন, কলেজ পর্যায়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় শেয়ার বিক্রির সনদ বিতরণ, সঞ্জীবন ঋণ বিতরণ এবং বৈদেশিক কর্মসংস্থান ঋণ কার্যক্রম।

এ সময় বেতাগী সঞ্জীবন প্রকল্পের আওতায় বরগুনার বেতাগীর ৩২ সদস্যের একটি দলকে ৮ লাখ টাকা এবং চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের ৪১ সদস্যের ‘পরিবার স্বনির্ভর সঞ্জীবন প্রকল্পে’ ৮ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া জাপানে চাকরির সুযোগ পাওয়া ময়মনসিংহের তারাকান্দার ভিডিপি সদস্য হোসনে মোকাম্মেল জিহাদকে বৈদেশিক কর্মসহায়ক ঋণ হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram