

আবু তাহের,স্টাফ রিপোর্টার, গাইবান্ধা :
সাঘাটার দক্ষিণ সাথালিয়া ও মুন্সিরহাট এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ করে বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এময় অবৈধ ভাবে বালু উত্তোলন করে মজুদ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনের ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন । এতে করে ক্ষিপ্ত হয়ে জরিমানা প্রদান করা ব্যক্তি আলমগীর হোসেন এসি ল্যান্ডকে নিয়ে নানান মন্তব্য করতে থাকে।
জানা যায়, দক্ষিণ সাথালিয়ার বাসিন্দা আলমগীর হোসেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাজের দোহাই দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিলেন। বিষয়টি অনলাইন, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে জেলা ও উপজেলা প্রশাসনের নজরে আসে।
এরই প্রেক্ষিতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের কাছে বালু উত্তোলনের বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত চাওয়া হয়। কিন্তু তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি নিজেকে পানি উন্নয়ন বোর্ডের কাজের সাব-ঠিকাদার হিসেবে পরিচয় দিলেও পাউবো কর্তৃপক্ষ তাকে চেনেন না বা তার অনুকূলে কোনো কাজের অনুমোদন নেই। এছাড়া স্থানীয় লোকজনের সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয় যে, তিনি সেখানে বালু মজুদ করে অবৈধভাবে বিক্রি করছিলেন।
এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আইনগত এই পদক্ষেপ গ্রহণের পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল সাঘাটার সৎ ও যোগ্য সহকারী কমিশনার (ভূমি)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের অশোভন মন্তব্য ও অপপ্রচার শুরু করেছে।
এ বিষয়ে এলাকার সাধারন মানুষ ও সচেতন মহলের অভিমত, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একজন অত্যন্ত সৎ ও সাহসী কর্মকর্তা। তিনি সাঘাটা উপজেলার যেকোনো অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া মাত্রই দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এমন শত শত প্রমাণ রয়েছে।
এসি ল্যান্ড যোগদানের পর থেকেই মানুষ তাদের জমির নামজারি করাতে হয়রানি থেকে অনেকটাই রেহাই পেয়েছেন। তিনি নিয়মিত অফিসে বসে ভূমি সংক্রান্ত সকল জটিলতা নিরসন করে থাকেন। এছাড়াও সরকারি সকল দায়িত্ব পালন করে থাকেন।
তিনি সঠিক ভাবে অর্পিত দায়িত্ব পালন করার কারণেই দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত লোকজন তার ওপর ক্ষিপ্ত হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
