

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও বোনের বিয়ের জন্য ১২ বছরের সঞ্চিত সাত লাখ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়া কৃষক মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারটিকে এক লাখ টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পরিবারটির হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার-সংলগ্ন এলাকায় মোশাররফ হোসেনের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে ঘর, দুটি গরু, তিনটি ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্রসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হলো, ছোট বোনের বিয়ের জন্য দীর্ঘ ১২ বছর ধরে গরু-ছাগল পালন করে সেগুলো বিক্রি করে জমানো সাত লাখ টাকাও আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের পর পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা সহায়তার ঘোষণা দেন। মঙ্গলবার সেই ঘোষণার বাস্তবায়ন হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাউফল পৌর বিএনপির সদস্য মজিবর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আজম, বাউফল পৌর বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিবারটির জন্য এই সহায়তা দুর্দিনে কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে বসতঘর, গবাদিপশু ও দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও সহযোগিতা প্রয়োজন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ হোসেনের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
